বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে রাকিবুল হাসান চৈতা (২৭) হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রাকিবুলের বাবা মোস্তাফিজার রহমান মঙ্গলবার সারিয়াকান্দি থানায় এ মামলা করেন। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
এজাহার সূত্র জানায়, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গণসারপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে রাকিবুল হাসান চৈতাকে গত সোমবার সকালে মোবাইল ফোনে পার্শ্ববর্তী সারিয়াকান্দির গণকপাড়ার চান্দিনার বাজারে ডেকে নেয়। এরপর তাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও ইট দিয়ে বুকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়েছে।
নিহতের বাবা ১১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
সোমবার রাতেই চৈতার লাশ সোনাতলার গণসারপাড়ায় দাফন করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।