বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় ফিলিং স্টেশনে জ্বালানী তেল কম দেয়া, যানবাহনের কাগজপত্র না থাকা ও মেয়াদোত্তীর্ণ ক্ষতিকর খাবার বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রোববার অভিযানগুলো পরিচালনা করেন।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানার সূত্র জানায়, শহরের দত্তবাড়ি এলাকায় রাজশাহী বিভাগীয় পেট্টল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি এমএ মোমিন দুলালের শতাব্দী ফিলিং স্টেশন রয়েছে।
সেখানে দীর্ঘদিন ধরে জ্বালানী তেল ওজনে কম দিয়ে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। প্রতি ১০ লিটার অকটেনে দুই লিটার ও ১০ লিটার পেট্টলে এক লিটার কম দিয়ে কারচুপি করা হচ্ছিল।
রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ওই পাম্পে অভিযান চালান। ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ওজনে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মোটরযানের ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা ও পাপিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী চারটি মামলা করে সাত হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়া মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন করায় শহরতলির মাটিডালি এলাকায় কোয়ালিটি আইসক্রীম কারখানা কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলামের ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা করেন।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান একই অপরাধে সিরাজুম মুনিরা চানাচুর ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।