বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ সদস্যরা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সেলোঘাট মহল্লায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি ওই উপজেলার থলপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন প্রকার ব্র্যান্ডের নকল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনকৃত পণ্য ফিনাইল ১ হাজার বোতল, টাইলস ক্লিনার ১ হাজার বোতল, টয়লেট ক্লিনার ৫’শ বোতল, ফ্লোর ক্লিনার আড়াইশ বোতল, গ্লাস ক্লিনার আড়াইশ বোতল, পাইপ ক্লিনার ৫’শ প্যাকেট, ব্লিচিং পাউডার ৫’শ প্যাকেট, পারফিউম ফিনাইল ৫’শ বোতল, কেমিক্যাল ৪ ড্রাম, খালি বোতল ৫ হাজার পিস, স্টিকার ১ লাখ পিস সহ আরও পণ্য উদ্ধার করা হয়। যার মূল্য ৮ লাখ ২২ হাজার ৭৫০ টাকা হতে পারে।
এ অবৈধ পণ্য উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকারী তোফাজ্জল হোসেনকে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক তাকে উল্লেখিত অর্থ দন্ডাদেশ দেন।