বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সময়ে এক যুবকের লাঠির আঘাতে আহত হয়ে মারা গেছে এক সবজি বিক্রেতা।
নিহত মো. আব্দুর রশিদ (৫০) ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার ফজর আলীর ছেলে।
এ ঘটনায় শনিবার সকালে কাশিমপুর থানায় মামলা করেছেন নিহতের ছেলে। এর আগে শুক্রবার রাতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা জানান, কাশিমপুর নয়াপাড়ায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা ও সবজি বিক্রি করতেন আব্দুর রশিদ।
পাশাপাশি স্থানীয় মো. সুলতান মির্জার ছেলে সুমন মির্জার (২৮) এক টুকরা জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন তিনি।
সুমন পাওনা টাকা নিয়ে গত বুধবার রাত ৮টার দিকে রশিদকে গালাগালি করেন। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।ঝগড়ার এক পর্যায়ে সুমন আব্দুর রশিদের তলপেটে লাথি মারে। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রশিদ।এ ঘটনায় করা মামলার আসামি সুমন মির্জা পলাতক রয়েছেন।
শুক্রবার রাতে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ওই বাসা থেকে রশিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।