বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সিপার আল বখতিয়ারকে বহিষ্কারের প্রতিবাদে তার সমর্থক নারী-পুরুষ ঝাড়ু মিছিল করেছে।
শনিবার দুপুরে শহরের মালতিনগর বকশিবাজার মোড় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা শহরের পিটিআই মোড়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এতে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ফারুকুল ইসলাম ফারুক, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা, রঞ্জন, জালাল, আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে সিপারের উপর থেকে দলীয় নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপিকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে বহিষ্কার আদেশ তুলে না নিলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে।
মিছিলের প্রথম দিকে নারীরা পেছনে ছিল পুরুষের সারি।
গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সিপারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এরপর থেকেই সিপারের পক্ষে বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে। সিপার জেলা যুবদলে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। শহর বিএনপিরও সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে তিনি পরপর নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর।