বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার ঘটনায় টেক্সাটাইল এন্ড উইভিং মিলের ম্যানেজারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ওই মিলের ম্যানেজার ও সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এমদাদুল হক (৫৪), মিল শ্রমিক কাওসার (২৩), আব্দুল খালেক (৩২) ও নাসির (২২)। তারা সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাঁতী এলাকার ওই টেক্সটাইল মিল শনিবার সন্ধ্যায় ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক।
তারা বিশেষ কৌশলে চন্ডিদাগাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে শাল বাগানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় ওই নারী ব্যাপক চিৎকার শুরু করে এবং ছুটে এসে সড়কের উপর দাঁড়িয়ে আমাকে বাচাঁন মর্মে সাহায্য চায়। সেইসাথে সে মুঠোফোনে বিষয়টি স্বজনদের জানায়।
এদিকে ঘটনার রাতেই বিষয়টি মীমাংসার জন্য ম্যানেজারসহ অভিযুক্তরা চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যানেজারসহ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।