বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে আরো ১৮ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ নিয়ে একই অপরাধে ৫২ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফসানা ইয়াসমিন এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা সকলেই ওই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্থানীয় মৎস্য অফিসের ক্ষেত্র-সহকারী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতভর মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৮ জেলেকে গ্রেফতার করা হয় এবং ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
সোমবার সকালে তাদেরকে ওই ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেন।
এছাড়া জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।