বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন এবং সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা নদীর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭ জেলেকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হলেও চার জেলে পালিয়ে যাওয়ায় তাদের নৌকা জব্দ করা হয়েছে।
পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ’র ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো স্থানীয় একটি মাদ্রাসায় দেওয়া হয়েছে।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, যমুনা নদীর চৌহালী উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতভর অভিযান চালিয়ে ১২ জেলেকে গ্রেফতারসহ ২০ কেজি ইলিশ ও ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।