বাংলা হেডলাইনস রাজশাহী: দুর্নীতির অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা ।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মিছিলটি কাজলা গেটে পৌঁছালে পুলিশ সেখানে লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছে। এতে ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণের দাবি ছাড়াও সাভারে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের নৃশংস হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলটি করা হয়।
ছাত্রদল নেতারা জানান, পুলিশের লাঠিচার্জে কেন্দ্রীয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী, সাবেক যুগ্ম সম্পাদক সামসুদ্দিন চৌধুরী সানিনসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে এবং একজনকে পুলিশ আটক করেছে।
বিক্ষোভ মিছিলটি কাজলা গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় রাবি শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী বলেন, অবিলম্বে দুর্নীতি দায়ে অভিযুক্ত উপাচার্যসহ প্রশাসনের সকল কর্মকর্তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে বিশ্ববিদ্যালয়ের মতো এতো সম্মানীয় পদে থেকে কেউ এমন কার্যসম্পাদনের সাহস না পায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএম সিদ্দিকুর রহমান জানান মিছিলে কোনো ধরনের বাধা দেয়া বা লাঠিচার্জ করা হয়নি।
এএম সিদ্দিকুর রহমান বলেন, ‘মিছিলে রাজশাহী কলেজের একাউন্টিং বিভাগের এক সাবেক শিক্ষার্থী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাচ্ছিল। তাই পুলিশ সন্দেহজনকভাবে তাকে থানায় ধরে নিয়ে এসেছে।
সে এখনো থানায় আছে। তাঁর অবিভাবককে ডেকে নিয়ে এসে তাকে ছেড়ে দেয়া হবে।’