বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের কাছে শুক্রবার মধ্যরাতে ডাকাতির সময় অস্ত্রসহ মাহবুব হোসেন (৩৬) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাহবুব কামারখন্দ উপজেলার লাহিড়ী বাড়ি গ্রামের মো: চাঁন খাঁর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উল্লেখিত স্থানে উত্তরগামী একটি ট্রাকে ডাকাতির সময় ওসির নেতৃত্বে টহল পুলিশের দল ডাকাত দলকে ধাওয়া করে।
এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মাহবুব হোসেনকে স্থানীয় জনসাধারণের সহায়তায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৮ হাজার টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
জনসাধারণের সহায়তায় গ্রেফতারের সময় জখম প্রাপ্ত হওয়ায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।