বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা নব্য জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার গভীর রাতে তাদের শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, অর্ধশত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা তৈরির বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এরা নাশকতার পরিকল্পনা করতে সমাবেত হয়েছিল।
শনিবার তাদের বিরুদ্ধে শিবগঞ্জথানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী বিরোধী আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য দেন।
গ্রেফতার জঙ্গিরা হলো গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার তরশ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, নব্য জেএমবির আইটি শাখার সদস্য তানভীরআহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপোড়া গ্রামের খন্দকার গোলাম সারোয়ারের ছেলে, মিডিয়া শাখা প্রধান জাকারিয়া জামিল (৩১), ময়মনসিংহ সদরের চকশ্যামরামপুরের আবদুর রহমানের ছেলে, সক্রিয় সদস্য আতিকুর রহমান (২৮) ও একই এলাকার আবদুল হামিকের ছেলে, সক্রিয় সদস্য আবু সাঈদ (৩২)।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক জানান, নব্য জেএমবির জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করতে শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় সমবেত হচ্ছে।
এমন নিখুঁত গোয়েন্দা তথ্য পেয়ে রাত পৌণে ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে জঙ্গি তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম, জাকারিয়া জামিল, আতিকুর রহমান ও আবু সাঈদকে গ্রেফতার করা হয়।
তাদের কাছে বিদেশে তৈরি ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, দেশীয় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, তিনটি বার্মিজ চাকু, একটি চাপাতি, এক কেজি বিস্ফোরক (পটাশিয়াম ক্লোরেট), দুটি লাল টেপ, চারটি ব্যাটারি ও কিছু পরিমাণ তার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা নিজেদের নব্যজেএমবির সক্রিয় কর্মী বলে স্বীকার করে। তারা নাশকতার পরিকল্পনা করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসে ওই স্থানে সমবেত হয়েছিলেন।
গ্রেফতার জঙ্গিদের মধ্যে তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের ছাত্র।