বাংলা হেডলাইনস বগুড়া: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ‘আওয়ামী লীগের ভোট ডাকাতি’, নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রোববার বিকালে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, এনামুল কাদির এনাম, শেখ তাহা উদ্দিন নাইন, মনিরুজ্জামান মনির, সাইদুজ্জামান শাকিল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এই সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্র ব্যবস্থাকেও ধ্বংস করেছে। নির্বাচন কমিশন একটা অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।