বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ইসলামী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের প্রায় এক লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র।
আজ রোববার দুপুরে ইসলামী ব্যাংক দৌলতপুর শাখায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মহানগরীর দৌলতপুর গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা সোহেলের স্ত্রী মোহসিনা সুলতানা পান্না থানায় অভিযোগ করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই অরূপকুমার বলেন, দৌলতপুরস্থ ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করেন মোহসিনা সুলতানা পান্না। ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছিলেন তিনি।
এ সময়ে একজন প্রতারক এগিয়ে এসে তার ব্যান্ডেলের মধ্যে জাল টাকা আছে বলে দেখে নোটগুলো পরিবর্তনের কথা বলে ব্যান্ডেলটি সেই প্রতারক হাতে নেয়। কিছু নোট ঠিক আছে বলে ব্যাংক গ্রাহক মোহসিনা সুলতানা পান্নাকে দিয়ে বাকি টাকা পরিবর্তন করে আনার কথা বলে চম্পট দেয় প্রতারক।
এক লাখ টাকার ব্যান্ডেল থেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে পুরো ব্যান্ডেলটাই নিয়ে গেছে প্রতারক।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন,ঘটনার পরপরই উক্ত ব্যাংকের সব ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে -প্রতারক চক্রের দু’জন ছিল এ কাজে।
অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ২০ সেপ্টেম্বর খুলনার শিববাড়ী মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ভিতর থেকে গ্রাহকের ২ লাখ ৮০হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এরপর ২৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর স্যার ইকবাল রোডের অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা নিয়ে রিকশাযোগে ফেরার পথে ঠিকাদার মোঃ তারিকুল আলমকে মারপিটের পর গুলি করে হত্যার হুমকি দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায় হেলমেট পরিহিতরা।
তার আগে গত ১২ আগস্ট খুলনা স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে টাকা নিয়ে প্রাইভেটকারে যাওয়ার পথে চিংড়ী ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।