বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকা থেকে এক পোশাক শ্রমিককে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব।
এ সময় তাদের হেফাজত থেকে লোহার ছুরি, একটি চাপাতি এবং ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, সিটি করপোরেশনের পোড়াবাড়ি কোনপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন ও সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম।
পোড়াবাড়ি র্যাব-১ ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৮ ডিসেম্বর রাতে ভাওরাইদ এলাকা থেকে ভিকটিম শেরপুর জেলার লয়খা গ্রামের বাসিন্দা গার্মেন্টস কর্মী মো. সিরাজুল ইসলাম অপহৃত হন।
পরে অপহরণকারীরা ভিকটিমকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাগানের ভিতর নিয়ে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় অপরহরণকারীরা ওই পোশাক কর্মীর পরিবারকে ফোন দিয়ে অপহরণের বিষয়টি জানায় এবং মুক্তিপণ হিসেবে একলাখ টাকা দাবি করে।
পরে উপায়ান্তর না দেখে ভিকটিমের পরিবার বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে ৩ জানুয়ারি ভিকটিমের পরিবার অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য র্যাবের আইনগত সাহায্য কামনা করেন।
পরিবারের অভিযোগের পর গত রবিবার দিবাগত রাতে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী মাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় অপহরণকারী চক্রের মূলহোতা মামুন হোসেন ও হিরা ইসলামকে আটক এবং পোশাক শ্রমিককে উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা অপহরণ ও মুক্তিপণের ঘটনায় তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।