বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চাঞ্চল্যকর বাবা ছেলে হত্যা মামলার আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে (৩৫) পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
সে ওই উপজেলা বয়ড়াবাড়ি গ্রামের শাজাহানের ছেলে। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই উপজেলার রান্ধুনিবাড়ি চরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পুলিশকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছুড়ে অনান্য আসামিরা পালিয়ে গেলেও একপর্যায়ে মনির কাদা মাটিতে পড়ে যায় এবং তাকে বিশেষ কৌশলে গ্রেফতার করা হয়।
মনিরের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। সে আলোচিত বাবা ছেলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ছিল।
এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুইটি অস্ত্র, দুইটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ি চরে নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদি শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে।