বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘আওয়ামী’ সন্ত্রাসী ও ‘পুলিশি’ তান্ডবের প্রতিবাদে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নির্বাচন কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্পের মত। অর্থাৎ অবৈধ ফলাফল সেটাকে বৈধতা দেবার জন্য সিল মোহর হিসেবে কাজ করছে।
রিজভী অভিযোগ করেন ‘বর্তমান পরিস্থিতিতে বংলাদেশের নির্বাচনী ব্যবস্থা মূমুর্ষ অবস্থায় পরিণত হয়েছে। এটি নির্বাচন হয় ঠিকই, তফশিল হয় ঠিকই, কিন্তু কে জিতবেন তা নির্ধারণ হয় প্রধানমন্ত্রীর বাসা থেকে’।
‘সেখান থেকে যে তালিকা হয় সেই তালিকা কে এম নুরুল হুদা প্রকাশ করেন। এখানে সুষ্ঠু ভোট ও জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন সেই পরিস্থিতি এখন বাংলাদেশ থেকে নিরুদ্দেশ করে দিয়েছেন শেখ হাসিনা এবং তার নির্বাচন কমিশন’।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে রুহুল কবির রিজভীর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমূখ।
রিজভী বলেন শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনের অধিকাংশ পৌরসভায় সরকারি দল ও প্রশাসন যৌথভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি বলেন ভোট কেন্দ্র থেকে ধানের শীষের পক্ষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নেতাকর্মীদের কোথাও দাঁড়াতে দেয়া হচ্ছে না।