বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় শনিবার পাঁচ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
শিবগঞ্জ, কাহালু, ধুনট, গাবতলী ও নন্দীগ্রাম পৌরসভায় ব্যালটে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
শিবগঞ্জে ভোট জালিয়াতির অভিযোগে বিএনপি প্রার্থী দুপুরে নির্বাচন বর্জন করেন।
বেসরকারি ফলাফলে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুটি, বিএনপি দুটি ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) একটিতে নির্বাচিত হয়েছেন।
বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক পুনরায় নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম নির্বাচন বর্জনকারী বিএনপির মতিয়ার রহমান মতিন পেয়েছেন, দুই হাজার ৩৬৬ ভোট।
সহকারি রিটার্নিং অফিসার আনিসুর রহমান এ তথ্য দিয়েছেন।
নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আনিসুর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, সাত হাজার ৬৬৮ ভোট। তার নিকটতম বিএনপির সুশান্ত কুমার সরকার পেয়েছেন, পাঁচ হাজার ১৮৮ ভোট। রিটানিং অফিসার নজরুল ইসলাম এ তথ্য দেন।
ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী ও বহিস্কৃত এজিএম বাদশাহ (জগমার্কা) তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, তিন হাজার ৯০৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিক পেয়েছেন, তিন হাজার ১৫৫ ভোট। সহকারি রিটার্নিং অফিসার মোকাদ্দেশ আলী এ তথ্য দেন।
কাহালু পৌরসভায় বিএনপির আবদুল মান্নান পাঁচ হাজার ২৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বর্তমান মেয়র হেলাল উদ্দিন কবিরাজ পেয়েছেন, চার হাজার ২৯৯ ভোট। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এ তথ্য দিয়েছেন।
এছাড়া গাবতলী পৌরসভায় বিএনপির সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ছয় হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মমিনুল হক শিলু পেয়েছেন, পাঁচ হাজার ১১৫ ভোট।
রিটার্নিং অফিসার রওনক জাহান এ তথ্য দিয়েছেন।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।