বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফুড ভিলেজ প্লাস হোটেলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নখার পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: ওয়াজেদ আলী (৩৬), একই উপজেলার ধনশালা গ্রামের মো: খায়বার আলীর ছেলে মো: তাহারুল ইসলাম (২৬) ও গাজীপুর জেলা সদরের গাজীপুরা দক্ষিন পাড়া গ্রামের মো: আক্কাস আলীর ছেলে মো: আফাজ উদ্দিন (৩৮)।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টায় উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ বোতল ফেন্সিডিল, নগদ ৫৩ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।