বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কৃষকরা নতুন এবং পুষ্টিমান সমৃদ্ধ সবজি ব্রকলি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
কুড়িগ্রামে প্রথম ব্রকলি চাষী আতাউর রহমান তাদের দেখাচ্ছেন পথ।বর্তমানে বাজারে ব্রকলির যেমন চাহিদা রয়েছে তেমনি বাজারে দামও পাওয়া যায় ভালো।
পুষ্টিগুণ থাকার কারণে এবং রান্নায় নানা উপাদান তৈরীতে এখন ব্রকলি ব্যবহার হওয়ায় জেলা সদরে এবং উপশহরগুলোতে মানুষজন রান্নায় ব্যবহার করছেন।
জেলা কৃষি বিভাগ জানায় কুড়িগ্রামের আবহাওয়া ও মাটিতে ব্রকলি চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে।অল্প শ্রম ও পুঁজি বিনিয়োগ করে ব্রুকলি চাষে লাভবান হওয়ার কারণে নতুন এ সবজি চাষে বেশ আগ্রহী জেলার কৃষকরা।
২০১৯ সালে শখের বশে ঢাকা থেকে জাপানী বীজ এনে কুড়িগ্রামের ভোগডাঙ্গার বড়ভিটায় ১২ হাজার টাকায় জমি লিজ নিয়ে ১ বিঘা জমিতে ব্রকলি রোপণ করেন সদ্য সেনাবাহিনী থেকে অবসর নেয়া আতাউর রহমান। সে বছর ১ বিঘা জমির ব্রকলি চাষে ২০ হাজার টাকা ব্যয় করে বিক্রি করেন ৬০ হাজার টাকা। সে বছর নতুন এ সবজি চাষে সফলতা পাওয়া এবং অল্প সময়ে লাভের মুখ দেখায় আগ্রহ আরো বাড়ে আতাউরের।
চলতি বছর তিনি ৩ বিঘা জমিতে ব্রকলি লাগিয়েছেন।এতে খরচ হয়েছেতার এবার ৩০ হাজার টাকা ।নিজে বীজ উৎপাদন করায় এবং চাষ পদ্ধতি রপ্ত হওয়ায় খরচ কমেছে অনেকটা।
আগে ঢাকা থেকে বীজ সংগ্রহ করতে হতো আর এখন স্থানীয়ভাবে বীজ ও চারা তৈরি করে অন্যদের কাছে বিক্রি করছেন আতাউর।এতেও বেশ লাভ করছেন তিনি।তার এ জমিতে ৩ জন শ্রমিক কাজ করছেন। নিজেও সময় দিচ্ছেন। আর বাজারজাত করছেন জেলা এবং উপজেলার বিভিন্ন বাজারে।
গত বছর এক একটি ব্রকলি বিক্রি করেছেন ৩০ থেকে ৩৫ টাকায় আর এবছর দাম কিছুটা কমে ২০ টাকা করে বিক্রি করছেন।
কুড়িগ্রামে তার কাছ থেকে বীজ ও চারা নিয়ে অরো ৫ জন ব্রকলি চাষ করেছেন।অল্প সময়ে ভাল ফলন ও ভালো দাম পাওয়ায় অপার সম্ভাবনা দেখছেন তার মত অনেক কৃষক।
১ বিঘা জমিতে প্রথম ব্রোকলি চাষ শুরু হলেও এ বছর ৫০ হেক্টর জমিতে ব্রোকলি চাষ হচ্ছে।
সম্পূর্ন জৈব সার প্রয়োগ করে ব্রকলি যেমন চাষ করা যায়,তেমনি এ ফসলে রোগ বালাই অত্যন্ত কম বলে জানান ভোগডাঙ্গার জগমোহনের জাহাঙ্গির হোসেন।তিনি ২ বিঘা জমিতে এবার ব্রকলি লাগিয়েছেন। ফলনও বেশ ভালো।
এবছর প্রতিদিন তার এ ব্রকলি ক্ষেত দেখতে অনেকে আসে এবং আকৃষ্ট হয় সবুজ এই ব্রকলিতে।
স্কুল শিক্ষিকা রেখা বেগম বলেন তিনি ব্রকলি ক্ষেত দেখে মুগ্ধ। আগে শুধু রান্না করেছি এখন নিজ চোখে এর চাষ দেখলাম।পুরো ক্ষেত সবুজে ভরে গেছে।
পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী,ব্রকলিতে প্রচুর পরিমান ভিটামিন সি এবং আয়রনের পরিমাণ অনেক থাকে। এতে প্রচুর পরিমানে ক্যালসিয়ামও থাকে।এটি যেমন ত্বকের জন্য ভালো তেমনি কোলেস্টরল কমাতেও সাহায্য করে।
আমেরিকান ক্যানসার রিসার্চ ইন্সটিটিউটের তালিকায় ক্যান্সার প্রতিরোধী দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রকলি।
কৃষি বিভাগ থেকে নতুন এ সবজি চাষে মাঠ পর্যায়ে পরামর্শ, উৎসাহ এবং প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা ড: মো: মোস্তাফিজার রহমান প্রধান।
তিনি বলেন বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেলার কৃষিকে স্বাবলম্বী করতে নতুন নতুন ফসল উৎপাদনের দিকে কৃষকদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করা হচ্ছে।