বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাতী গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-ওই উপজেলার সিংহগাতী গ্রামের মৃত আবু তাহের মোল্লার ছেলে মো: মাসুদ রানা (৩৮) ও তার স্ত্রী মোছা: সুখী (২৭)।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১টায় উল্লেখিত সিংহগাতী গ্রামে গ্রেফতারকৃতদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে সিমসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।