বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামীকাল শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
তবে এ সম্মেলনে কাউন্সিলর নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূলের ত্যাগী ও বঞ্চিতদের পরিবর্তে অনেক জামায়াত-বিএনপি থেকে অনুপ্রবেশকারী নেতাদের কাউন্সিলর করা হয়েছে বলে দলের একটি অংশ দাবি করেছেন। গত ২০০৩ সালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ২০১৪ সালে একটি সম্মেলন হয়। ওই সম্মেলনে একতরফা কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি অবগত হলে সম্মেলন বাতিল করে শহিদুল ইসলাম পুন্নর নেতৃত্বে আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। সেই থেকে আহ্বায়ক কমিটি দ্বারাই চলছে উপজেলা আওয়ামী লীগ।
দীর্ঘ ১৮ বছর পর শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সভাপতি পদে সাবেক এমপি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল কাদের রুমি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক।
এ উপজেলার ৪৫৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে এই সম্মেলনের আগে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন শাখা কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর লিখিত অভিযোগও করা হয়েছে। সভাপতি প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি শফিকুল ইসলাম শফি সাংবাদিকদের বলেন, ইউনিয়নগুলোতে আওয়ামী লীগ কমিটি না হয়ে আত্মীয়লীগ গঠন হয়েছে। বিষয়গুলো জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়নগুলোর সম্মেলন হয়েছে। সবার মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।