বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে আফরোজা খান রিতা সভাপতি এবং এস এ জিন্নাহ কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার মানিকগঞ্জ পৌরসভাধীন উত্তর সেওতা এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেষনে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জেলা বিএনপির আহবায়ক জামিলুর রশীদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা, মাঈনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ডাবলু, মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক তোজা।
প্রসঙ্গত, দীর্ঘ ১৯ বছর পর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের ১ মে তারিখে ৬৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। শিগগিরই জেলার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে দলীয় সূত্র জানায়।