বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৪০২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো: শাহীন মিয়া ওরফে বাবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শাহীন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর মুন্নাপাড়া গ্রামের মো: সুরুজ উদ্দিনের ছেলে। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌণে ২ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় নিউ লাম-মিম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস নওগাঁ ট্রাভেলস এ তল্লাশি চালিয়ে ৪০২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ শাহিনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে সিমসহ ১টি মোবাইল ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।