বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় করোনাভাইরাস রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
আজ শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ সময় মানিক মিয়া (২৫) নামে এক যুবক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে না চলায় এ জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২১০ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তের হার ২৪.২৮ শতাংশ। এ সময় সুস্থ হয়েছে ১৮ জন। নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে সদরে ৪০ জন, দুপচাঁচিয়ায় চারজন, শেরপুরে তিনজন, শাজাহানপুরে তিনজন এবং সারিয়াকান্দিতে একজন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৮ এপ্রিল বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের পজিটিভ পাওয়া গেছে। অপরদিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পাওয়া গেছে।
এ নিয়ে জেলায় গত এক বছরে করোনা আক্রান্ত হলেন, ১০ হাজার ৭৭৯ জন। এ সময় সুস্থ হয়েছেন, নয় হাজার ৮৯৮ জন।
শুক্রবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালে একজনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬১৪ জন।