বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলা ও সলঙ্গা থানা এলাকায় র্যাবের পৃথক পৃথক অভিযানে মাদক কারবারি ও ছিনতাইকারীকে জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ের উত্তর পার্শ্বে বাঁশের হাট রেললাইনের পাশে বালির মাঠ থেকে বেলকুচি উপজেলার রাজাপুর দক্ষিণপাড়া গ্রামের মো: আজাহার মন্ডলের ছেলে মো: মাজেদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ এক হাজার টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকার ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে মো: রাসেল সরকার (১৯) নামের এক জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১টি মোটর সাইকেল, ১টি বার্মিজ চাকু ও ১টি লোহার নোস প্লাশ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রাসেল সলঙ্গা থানার চরিয়াশিকা উত্তর পাড়া গ্রামের মো: সাইফুল ইসলাম সরকারের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।