বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার ডেইরি বাংলা ফুডস লি: এর দুর্গন্ধযুক্ত পঁচা পনির রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডেইরি বাংলা ফুডস লি: দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত পঁচা পনির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাসুদ হোসেন ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় প্রায় দেড় হাজার কেজি দুর্গন্ধযুক্ত পঁচা পনির জব্দ করে তা ধ্বংস করা হয়।
শাহজাদপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মাহবুবুর রহমান ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনায় সহায়তা করেন।