বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জর সদর উপজেলার পশ্চিম গুপির পাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলা সদরের পশ্চিম গুপিরপাড়া গ্রামের মো: কালাচাঁন তালুকদারের ছেলে মো: নাজমুল হোসেন (২২), খলিশাকুড়া গ্রামের মো: আব্দুল জলিল শেখের ছেলে মো: মনিরুজ্জামান (২৩), শাহানগাছা গ্রামের মো: শাহ আলী শেখের ছেলে মো: রুবেল শেখ (২২), মো: আবু সাইদ শেখের ছেলে মো: সাদ্দাম শেখ (২৬) ও মো: বাবলু শেখের ছেলে মো: শাকিল আহম্মেদ (২০)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পশ্চিম গুপির পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ নগদ ৩ হাজার ৮’শ ৫০ টাকা ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।