বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের র্যাব-১২’র সদস্যরা বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সুমি খাতুন (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সুমি খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজীপুর (টিকরাভিটা) গ্রামের মো: শাহাদাত হোসেনের স্ত্রী।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর পৌণে ২টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ডের পার্শ্বে মোবাইল মার্কেটের গলিতে ‘‘মতিউর রহমান কমপ্লেক্স’’ এর সামনে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১’শ ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।