বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগে সাদ্দাম সরকার (৩২) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলার চৌবাড়ী গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করায় সাদ্দামকে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত সাদ্দাম সরকার বেলকুচি উপজেলার শেলবড়িসা গ্রামের শাহাদত আলী সরকারের ছেলে।
কামারখন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার এ তথ্য নিশ্চিত করে জানান, চৌবাড়ী গ্রামে সরকারি অনুমতি না নিয়ে এক ব্যক্তি ফসলি জমি থেকে পুকুর খনন করে মাটি বিক্রি করায় একাধিক বার তাকে পুকুর খনন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।
কিন্তু তিনি নির্দেশনা উপেক্ষা করে পুকুর খনন করায় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে না পাওয়ায় তার সহযোগীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় মাটিবাহী একটি ট্রলি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।