বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গত এক বছরের বেশি সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় দু’জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০১ জনে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।
সবমিলিয়ে এ জেলায় মোট আক্রান্ত হলেন ১১ হাজার ৯৭৮ জন। দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা আক্রান্ত দু’জন রোগী মারা যান।
এরা হলেন বগুড়ার গাবতলীর আবদুস সাত্তার (৫০) ও কাহালুর মেরিনা খাতুন (৫৫)। বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করে একজনের পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্ত ১৪ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন ও দুপচাঁচিয়ায় দু’জন। এ নিয়ে গত এক বছরের বেশি সময়ে বগুড়ার বিভিন্ন উপজেলায় ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হলেন।
সুস্থ হয়েছেন ১১ হাজার ৯২ জন। মৃত্যুবরণ করেছেন ৩০১ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৬ জন।