বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পোশাক শ্রমিককে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
ছুরিকাঘাত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে আরজিনা নামের ওই নারীর মৃত্যু হয় ।
নিহত আরজিনা আক্তার (৩৫) কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
এ ঘটনায় আরজিনার স্বামী রতন আলীকে গ্রেপ্তার করা হয়েছে (৩৩)। রতন নওগাঁ জেলার সদর উপজেলার মুকরামপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে রতনের সঙ্গে বিয়ে হয় আরজিনার । বিয়ের কিছুদিন পরে আরজিনা জানতে পারেন তার স্বামীর সঙ্গে স্থানীয় একটি পোশাক কারখানায় এক নারীর পরকীয়া রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও কথা কাটাকাটি চলছিল।
এর জেরে আরজিনা আক্তার বুধবার কাজী অফিসে গিয়ে রতনকে তালাক দেন। কাজী তালাক দেওয়ার বিষয়টি রতনের মোবাইলে ফোনে জানান।
এতে রতন ক্ষিপ্ত হয়ে একটি ধারাল ছুরি নিয়ে যান। কাজী অফিস থেকে বাড়ি ফেরার সময় মৌচাক সুফিয়া হাসপাতালের সামনে রতন আরিজিনার পেটে ছুরিকাঘাত করে।
এ সময় আশপাশের লোকজন রতনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত আরজিনাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।