বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বাবুকে (৩২) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাঝিরা বন্দর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে বের হওয়া মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীলিপ কুমার চৌধুরী।
অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, দপ্তর সম্পাদক সাজ্জাদুলহক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক হোসেন শরিফ মনির, সাবেক দপ্তর সম্পাদক ওয়াবুজ্জামান নাঈম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইনছান, রিপন, সাইদুর রহমান পবন, মাসুদ, বাছেদ, নিহত শিহাব উদ্দিন বাবুর মা মোর্শেদা বেওয়া, স্ত্রী রুমি খাতুন, ভাগিনা সোহান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন বলেন, শিহাব বাবুকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। নইলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো। আমরা আর কোন নেতাকে এভাবে হত্যা দেখতে চাইনা।
তিনি পুলিশ প্রশাসনের নিকট বাবু হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানান।
গত ৩০ মে সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় দুর্বৃত্তরা শিহাব উদ্দিন বাবুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।