বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম দুলাল (৩৭) ও তার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম (২১)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই মাসুদ রানা, এসআই শাহিন চৌধূরী ও এএসআই মেহেদুল ইসলামসহ একদল পুলিশ উল্লেখিত স্থানে অবস্থান নেয়।
এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২৪ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। সেইসাথে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
ওসি আরো বলেন, আশরাফুলের বিরুদ্ধে এ অবৈধ ব্যবসায় একাধিক মামলাও রয়েছে।
সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।