বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাগদীপাড়া মহল্লার আদিবাসি এক নারীকে (৩৪) যৌন নিপীড়নের মামলায় আনসার সদস্য মাহবুব আলমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
সে তাড়াশ উপজেলার সরাবাড়ি গ্রামের নওজেশ আলীর ছেলে এবং শাহজাদপুর ইউএনও’র সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত আনসার সদস্য মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের একটি দ্বিতল ভবনের অস্থায়ী ক্যাম্পে রাত্রিযাপন করছিল।
ওইদিন গভীর রাতে ওই মহল্লার স্বামী পরিত্যক্তা আদিবাসি নারীর ঘরে প্রবেশ করে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে ওই আনসার বিশেষ কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে বুধবার বিকেলে ওই নারী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় আনসার সদস্য মাহবুব আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন মধ্যেরাতে পুলিশ তাড়াশ সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এদিকে জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট মির্জা সিফাত-ই-খোদা বলেছেন, ওই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট জসিম উদ্দিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।