বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে কুদ্দুস হোসেন (৫২) নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চকচাঁপাই এলাকার ইটভাটার পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কুদ্দুস হোসেন চকচাঁপাই গ্রামের মৃত মজি মণ্ডলের ছেলে। স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন তিনি।
জানা যায়, সোমবার (১২ জুলাই) বিকেলে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে কুদ্দুস হোসেন বাড়ি থেকে বের হন।
রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। সকালে চকচাঁপাইয়ের সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকেরা ইটভাটার পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খোঁজ দেন। তারা গিয়ে লাশটি শনাক্ত করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই ব্যক্তির লাশটি হাত মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় শ্রমকিরা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, লাশের ডান চোখের পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত-বেঁধে লাশটি পুকুরে ফেলে দেয়। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।