বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে লকডাউনে বিনা কারণে বাইরে ঘোরাফেরার দায়ে বিভিন্ন মামলায় মোট ১ লাখ ৪৪ হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালতে ৮২টি মামলা দায়ের করে উক্ত পরিমাণ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (করোনা সেলের দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
এ লকডাউন বাস্তবায়নে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরিধানসহ বিভিন্ন অপরাধে ৮২টি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় ৮৬ জনকে বিভিন্ন পরিমাণে ১ লাখ ৪৪ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে লকডাউনের দ্বিতীয় দিনেও জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলা উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।