বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লায় গৃহকর্মীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় ব্যাংক ম্যানেজার আরাফাত শাকিলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
আরাফাত শাকিল রহমতগঞ্জ মহল্লার শওকত আলীর ছেলে এবং জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান জনতা ব্যাংক ব্যবস্থাপকের বোন জান্নাতুল নাঈম সাথী বেলকুচি উপজেলায় সরকারি চাকরি করে।
প্রায় ৮ মাস আগে নুরজাহান খাতুন ব্যবস্থাপকের বোনের সরকারি কোয়ার্টারে মাসিক ৬ হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ নেয় । সেখানে তাকে কাজ করানো হলেও ঠিকমতো খাবার দেয়া হতো না। এমনকি ওই গৃহকর্ত্রী সবসময়ই তাকে গালাগালি করতো।
এমতাবস্থায় নুরজাহান খাতুন কাজ করতে অস্বীকার করলে বেতন না দিয়ে তাকে বাসা থেকে বের করে দেয়া হয়।
গৃহকর্মী গত ২০ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় কাজ করতে যাওয়ার পথে তাকে মারপিট ও শ্লীলতাহানী করে জান্নাতুল নাঈম সাথীর বড় ভাই ব্যাংক ম্যানেজার আরাফাত শাকিল। এলাকাবাসী গৃহকর্মী নুরজাহান খাতুনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
সুস্থ্ হয়ে বাড়ি ফিরে রোববার রাতে সে ওই ব্যাংক কর্মকর্তাসহ তার বোনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে।
ওইদিন রাতেই অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে সদর থানার ওসি জানান।