বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো: মাসুদ রানা (বাচ্চু) (৩৫) নামের ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
গ্রেফতারকৃত মাসুদ রানা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি একডালা দক্ষিণপাড়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে। র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯ টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পিপুলবাড়ীয়া বাজারের দি-ইনসাফ ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতার ১টি আইডি কার্ড, জবস টিভি নামের ভুয়া সাংবাদিকতার ১টি আইডি কার্ড, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ রানা এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।