বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন সংসদ ভবনের আশপাশ থেকে জিয়ার মাজারসহ সকল স্থাপনা সরিয়ে নেয়ার জন্য স্পিকারের বরাবর আবেদন করা হয়েছে।
আবেদন পর্যালোচনা করে সংসদ ভবন এলাকা সকল অবৈধ স্থাপনা সরিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ ভবনকে মুল নকশায় ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, চন্দ্রিমা উদ্যানের মাজারে জিয়াউর রহমানের লাশ নেই। তাকে ব্রাশফায়ার করে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। জিয়াউর রহমানের লাশ থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করার আহ্বানও জানান তিনি।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোশারফ হোসেন দুলাল এর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন দেলু, জহিরুল ইসলাম খান, লিটন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।