বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে এ বছর বিলম্বিত বন্যায় সদর উপজেলা, উলিপুর, নাগেশ্বরী, রৌমারী ও রাজিবপুরসহ ৯ উপজেলায় ছোটবড় মিলে ২১৯টি পুকুর বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে ২০২ জন মৎস্যচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পুকুর বন্যার পানিতে প্লাবিত হওয়ায় প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কুড়িগ্রাম জেলা মৎস্য অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের গারুহারা গ্রামের খুটু মিয়া জানান, আমার এলাকায় ২টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছি আমি।মাছ বিক্রি করার সময় এসেছে, এমতাবস্তায় বন্যার পানিতে ওই দুইটা পুকুরের মাছ বাহির হয়ে গেল।
এতে করে ৪০-৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।শীতকাল তো চলেই আসছে, মাছ ছাড়বো কখন, আবার মাছ বড় করব কখন, সময় তো নাই।
ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম গ্রামের মঈনউদ্দিন পাপ্পু জানান, আমি ৫ হাজার টাকার পোনা মাছ ছাড়ছি সেই মাছ বড় না হতেই বন্যায় পুকুর তলিয়ে সব মাছ বাহির হয়ে গেছে।
নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মজিবর রহমান বলেন,আমার ইউনিয়নটি পুরাই চরাঞ্চল এখানে পুকুরের সংখ্যা একেবারেই কম।তাও চলমান বন্যায় না হলেও ১৫-২০টি পুকুর পানিতে তলিয়ে গেছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান,এ বছর বন্যায় জেলায় ২১৩টি পুকুর বন্যার পানিতে প্লাবিত হয়েছে।এতে ৫৫ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০২জন মৎস্য চাষী।