বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দুর্জয় আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলাবাসী।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবি সমিতি চত্বরে শেষ হয়। সেখানে উপস্থিত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ শোভাযাত্রায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক তায়েবুর রহমান টিপু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানুসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশ নেন।
পর পর তৃতীয়বারের মত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জবাসী গর্বিত। আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেট মান উন্নয়নসহ তৃনমুল পর্যায়ে নতুন নতুন ক্রিকেটার তৈরির বিষয়ে দুর্জয় অবদান রাখবে বলে প্রত্যাশা করেন মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ।