বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে অগণতান্ত্রিকভাবে, অনৈতিক লেনদেন ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে গঠিত জেলা মহিলা লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সাতমাথায় সদ্য বিদায়ী ও নতুন কমিটির নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। ঘোষিত ওই কমিটি নিয়ে ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ভয়ে কেউ মুখ খুলছেন না।
কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। তারা এ ব্যাপারে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিদায়ী কমিটির মা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি (৩) স্বপ্না চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকসুদা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা হক, জেলা মহিলা লীগের সদস্য সেলিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ২ অক্টোবর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক গঠনতন্ত্র উপেক্ষা করে শুধুমাত্র অর্থের বিনিময়ে হাইব্রিড ও অযোগ্যদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন। জালিয়াতির মাধ্যমে মহিলা লীগের সদস্য হওয়া সাবিয়া সাবরিন পিংকিকে মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ সম্পাদক করা হয়।
বক্তারা অবিলম্বে জেলা মহিলা লীগের প্রহসনের কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।