বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার বিকালে রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহীদ আব্দুল আলী একাডেমীর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাউয়াল উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জাহানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে দোয়েল চত্ত¡রের সামনে আলালের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।