বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর উপজেলার ঢাকন্তা গ্রামে এ প্রতিযোগিতা দেখতে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয় একতা সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলার বিভিন্ন এলাকার ২৪টি ঘোড়া এতে অংশ নেয়। প্রতিযোগিতার আগে ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ রতনের সভাপতিত্বে ও সমাজসেবক আবদুল্লাহেল কাফি সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, সমাজসেবক আবদুল মজিদ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামীম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ বক্তব্য রাখেন।
শুক্রবার দিনব্যাপী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ২৪টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ উপস্থিত হন। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতার চুড়ান্তপর্বে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, গ্রাম বাঙলার ইতিহাস ঐহিত্য সমৃদ্ধ অনেক খেলাই ইতোমধ্যে হারিয়ে গেছে। প্রাচীন খেলার অন্যতম ঘোড়দৌড় খেলাটিও প্রায় বিলুপ্তির পথে। তাই ঢাকন্তা গ্রামের তরুনরা এই ঘোড়দৌড় খেলার আয়োজন করেছে। দেশের যুব সমাজ আধুনিকতার ছোঁয়ায় আজ তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি ভুলে যেতে বসেছে। আমাদের সংস্কৃতি তাদের সামনে তুলে ধরতেই যুব সমাজের এ ধরনের উদ্যোগ।