বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় অনুশীলনের মাধ্যমে ১০ দিনের এ যাত্রার শুভ সূচনা হয়। অনুশীলন ক্যাম্প চলবে আগামি ৭ মার্চ পর্যন্ত।
আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকায় সফরকে সামনে রেখে এখানে পেস, বাউন্সি কন্ডিশনে সফরের প্রস্তুতি নেবে জাতীয় দলের খেলোয়াড়রা।
অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে স্কিল ক্যাম্পের বিস্তারিত জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এ ক্যাম্পের আসল মনোযোগ থাকবে দক্ষিণ আফ্রিকা সফর। ওই সিরিজের জন্য বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। সর্বশেষ গত ২০০৬ সালে এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার্সরা একটি টেস্ট এবং ওয়ানডে ম্যাচ খেলে। এ মাঠের পিচ বাউন্স নির্ভর হওয়ায় সেবার প্রথম ওয়ানডেতে জয় আসে।
দক্ষিণ আফ্রিকায় সফরের কথা মাথায় রেখে ও টেস্ট অধিনায়ক মুমিনুল হকের পরামর্শে বগুড়া স্টেডিয়ামের পিচ ওই ধরনের (বাউন্স) তৈরি করা হয়েছে। আগামি ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দল সেখানে যাবে।
ক্যাম্পের হেড কোচ মিজানুর রহমান বাবুল। এখানে বিদেশীদের মধ্যে চম্পাকা রমানায়েক থাকছেন। এছাড়া কোচিং ক্যাম্পে সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ, নাজমুল হোসেন প্রমুখ আছেন। স্পিন কোচ সোহেল ইসলাম, ব্যাটিং কোচ আফতার, পেস বোলিং কোচ তালহা জুবায়ের, পেস বোলিং কোচ নাজমুল হোসেন, ব্যাটিং কোচ আশিক মজুমদার, ফিফেন্স ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন, কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু, ট্রেনার ইয়াকুব চৌধুরী, ফিজিও মুজাদ্দেদ সানি ও ম্যানেজার সজল আহেমদ চৌধুরী আছেন।
২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে থাকছেন: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তাদের সাথে বাহিরের কারো সাক্ষাতের সুযোগ নেই। সাংবাদিকরা ভিআইপি গ্যালারির উপর থেকে ছবি সংগ্রহ করতে পারবেন।