বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিপক্ষকে দুর্বল মনে না করে চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে আগামী নির্বাচনে আমাদের আরও কঠিন পরীক্ষা দিতে হবে।
তিনি বলেন ‘গত দু-তিনটি নির্বাচনে আমরা সহজে জয় পেয়েছি কিন্তু এবার অতটা সহজ হবে না। প্রতিপক্ষ এবার সব ধরণের শক্তি নিয়ে মাঠে নামবে তাদের সে শক্তির মোকাবিলা করতে সজাগ হয়ে মাঠে থাকতে হবে।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত কমিটি বিলপ্ত ঘোষণা করে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানকে আবারো সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘সম্মেলনের মাধ্যমে ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। ত্যাগী নেতা-কর্মীরাই দুঃসময়ের বন্ধু। তাদের কোণঠাসা করে রাখা যাবে না। তারাই যেন দলের পদে গুরুত্বপূর্ণ পথে থাকে। আওয়ামী লীগ নেতৃত্ব ইজারা দেয় না। যতদিন কর্মী ও জনগণের আস্থা থাকবে ততদিন নেতৃত্ব দিতে পারবেন। দল করবেন নিয়ম মানবেন না সেটা হতে পারে না। অনিয়ম করে যাকে তাকে দলের নেতা বানাবেন সেদিন চলে গেছে। গণমানুষের দল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মানুষের ভালাবাসাতেই টিকে আছে টিকে থাকবে।’
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের হাক-ডাক দিয়ে নেতৃত্ব দেয়ার নেতা পায় না। তাহলে আগামী নির্বাচনে নেতৃত্ব দেয়ার নেতা কোথায় পাবে? বিজয়ী হলে কে হবে দেশের প্রধানমন্ত্রী? তাদের দুই নেতাইতো দন্ডপ্রাপ্ত। নির্বাচন করা বা নেতৃত্ব দেয়ার যোগ্যতাই তো তাদের নেই। ইতিমধ্যেই বিএনপি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। দুর্নীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল, নির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, বেগম আখতার জাহান এমপি, হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, আব্দুল আজিজ এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, তানভীর ইমাম এমপি, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি প্রমুখ।