বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহর বিএনপির সম্মেলনে হামিদুল হক চৌধুরী হিরু সভাপতি ও মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোরশেদ মিটন ও সোলাইমান আলী নির্বাচিত হন।
দীর্ঘ এক যুগ পর শনিবার সন্ধ্যায় শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভোট গ্রহণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাদের নাম ঘোষণা করেন।
শনিবার বেলা ২টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শহর বিএনপির আওতাধীন ১৮ ওয়ার্ডের এক হাজার ২৭৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সভাপতি পদে অন্য প্রার্থী না থাকায় হামিদুল হক চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়েছে। এর আগে বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
শহর বিএনপির আহবায়ক মশিউর রহমান শামিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও একেএম মাহবুবর রহমান, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও মোশারফ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামিম, ডা. শাখাওয়াত হাসান জীবন, মোস্তাক মিয়া ও শামা ওবায়েদ এবং বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা বক্তব্য রাখেন।