বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে জেলা পুলিশ বনাম প্রেসক্লাবের মধ্যে টি-টুয়েন্টি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আনন্দঘন পরিবেশে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে জেলা পুলিশের অধিনায়ক ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। শুরুতেই সিরাজগঞ্জ প্রেসক্লাব টসে জিতে জেলা পুলিশ একাদশকে ব্যাট করতে দেয়। জেলা পুলিশ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে। জবাবে দ্বিতীয় ইনিংসে প্রেসক্লাব একাদ্বশ ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪১ রানে সব উইকেট পড়ে যায়।
ম্যাচে জেলা পুলিশ ৪৫ রানে প্রেসক্লাব একাদশকে পরাজিত করে। ম্যাচ শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার। তিনি বলেন, সুন্দর সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের দেহ সুস্থ্ রাখে ও মনকে চাঙ্গা করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।