বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ের যারা বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নামে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পাহাড়ের শান্তি আনায়নে সরকারের সাথে শান্তি চুক্তি করে অন্য দিকে অস্ত্র রেখে দিয়ে সরকারের সাথে ধোকা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (২১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ইনস্টিটিউটে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, চাঁদাবাজি করে আধিপত্য বিস্তার করছেন, এটা কোন জীবন হতে পারে না। আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছিলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তাই পাহাড়ে শান্তি আনায়নের জন্য অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোড়ালো অভিযান শুরু করে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ধর্ম বিষয়ক সম্পাদক মো: সিরাজুল মোস্তফা, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাঙ্গামাটি ১০ উপজলার ৫০টি ইউনিয়ন তৃণমুল প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তৃণমুল প্রতিনিধি সভায় আগামী ২৪ মে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়া হয় এবং এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো ভেঙ্গে দিয়ে নতুন কমিটির করার নির্দেশ প্রদান করেন তিনি।