বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত গো-খাদ্যের বস্তায় ওজনে কম দেয়ায় ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিউ যমুনা ক্যাটল ফিড, চাচা-ভাতিজা ক্যাটল ফিড ও বাঘাবাড়ি ক্যাটল ফিড নামের ৩ প্রতিষ্ঠানে গো-খাদ্যের ৪০ কেজির বস্তায় ৩৮ কেজি এবং ২৫ কেজির বস্তায় ২৪ কেজি গো খাদ্য পাওয়া যায়।
এছাড়াও বস্তায় মোড়কজাত আইনে সর্বোচ্চ খুচড়া মূল্য লেখাও পাওয়া যায়নি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বস্তায় মূল্য না লিখে ইচ্ছেমতো দাম নির্ধারণ করা এবং নিম্নমানের গো-খাদ্য তৈরি করার অভিযোগ ছিল। এসব বিষয়ে তাদের সতর্কও করে দেয়া হয়েছে বলে তিনি জানান।